নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: বিটিভির সৌজন্যে

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি; এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে ম্যানিফেস্টো ছিল, সেখানে যেরকম আমরা শিল্পদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, তারা কীভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি।’

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সব মন্ত্রণালয় এবং বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসেবে আমাদের কৃষক কার্ডের যে কমিটমেন্ট ছিল, সেটির কাজও আমরা পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু করেছি। এর বাইরেও সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে, আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল, নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমে শুরু করেছি।

তারেক রহমান বলেন, বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণিকে আমরা কিছু না কিছু বিষয়বস্তুতে রেখেছি। তারপর আরও সংক্ষিপ্তভাবে যদি আমাদের সমগ্র ম্যানিফেস্টো ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো খেটেখাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটেখাওয়া বিভিন্ন শ্রেণি-প্রেশার মানুষ হোক- প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী সমাজকে এম্পাওয়ার (স্বাবলম্বী) করার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, প্রান্তিক পর্যায়ের পরিবারগুলোতে যে নারী প্রধান আছেন, তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে আমরা শুরু করেছি।

তিনি বলেন, খাল খননের কাজ শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদের উপকৃত করবে তাই নয়; এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি- প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল, আমরা দেশে পাঁচ বছরে ইনশাআল্লাহ ২৫ কোটি বৃক্ষরোপণ করবো এবং এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে।

তিনি বলেন, আমরা বলেছিলাম সমাজের এমন কিছু মানুষ আছে যারা ধর্মের সঙ্গে বিশেষ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের কাছে আমরা বিভিন্ন রকমের পরামর্শ গ্রহণ করে থাকি; সেটি মুসলমান হিসেবে মসজিদ-মাদরাসা যেগুলো আছে, তার খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবরা; অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সেখানেও যারা ধর্মগুরু আছেন তারাও খেটে খাওয়া মানুষেরই অংশ; তাদেরও সহযোগিতা করার জন্য আমরা সরকার থেকে সম্মানের ব্যবস্থা করবো বলেছিলাম এবং সেটির কাজও শুরু করেছি।

প্রধনামন্ত্রী বলেন, আমরা বলেছিলাম যে দেশে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। এই যে পেশাদার খেলোয়াড় যারা হতে চাইছে, এই মানুষগুলো কিন্তু খেটে খাওয়া যে পরিবারগুলো আছে তাদেরই পরিবারের কোনো না কোনো সদস্য। কাজেই তারা খেটে খাওয়া পরিবারের সদস্য হলেও তারা যেন তাদের যে প্রফেশনটা, সেটাতে যেন তারা সঠিকভাবে গড়ে উঠতে পারে, সেজন্য আমরা তাদের সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।