জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।

বৈঠকের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এরপর বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজের সঙ্গে জাতীয় সংসদ লাইব্রেরির সম্পৃক্ততা বৃদ্ধি করে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য দলিলসমূহ ডিজিটালাইজেশনের লক্ষ্যে গঠিত সাব-কমিটিকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রদানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ সংক্রান্ত আইনের অধীনে গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানকে আহ্বায়ক এবং নায়াব ইউসুফ আহমেদ ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

অপরদিকে, জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি-২০১২ এবং বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা-২০২৩ যাচাই-বাছাই করে আগামী বৈঠকে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ বুলেটিন সব সংসদ সদস্য এবং সব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।