অতি বর্ষণে জলাবদ্ধতা, চট্টগ্রামবাসীর দুর্ভোগে বিএনপির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০১ মে ২০২৬
টানা দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক মোড়, মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক, পাঁচলাইশ ও আশপাশের নিচু এলাকায় হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে/ছবি-জাগো নিউজ

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছে নগর বিএনপি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক ও আবাসিক এলাকায় জলজটের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সাময়িকভাবে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন, যা সত্যিই দুঃখজনক।

নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, নিম্নাঞ্চল ও ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে অতিবৃষ্টির সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

তারা বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা কমিয়ে আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, নর্দমা ও খালে আবর্জনা না ফেলা, বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকারের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল খনন, খাল-নালা পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ দখল উচ্ছেদে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। যা জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে নগরবাসী আরও স্বস্তি পাবে।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একটি সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ অত্যন্ত জরুরি। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খালসমূহের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং নগর ব্যবস্থাপনায় সমন্বিত প্রয়াসের মাধ্যমে একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকেও চট্টগ্রামবাসীর সাম্প্রতিক ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।