হামের টিকার অভাবে শিশুমৃত্যু, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০২ মে ২০২৬
কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন/ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে প্রতিদিন বাড়ছে শিশুমৃত্যু। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং টিকার অভাবে মৃত্যুর জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, হামের টিকা না দেওয়ায় একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় পরিবারগুলোতে নেমে এসেছে আতঙ্ক। অথচ শিশুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। বিগত কয়েক বছর শিশুদের টিকা না দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় আইসিইউ না থাকায় উদ্বেগ প্রকাশ করে খেলাঘর নেতারা বলেন, বছরের পর বছর টিকা না দেওয়ার সঙ্গে যারা যুক্ত তাদের যেকোনো মূল্যে বিচারের আওতায় আনতে হবে। সেইসঙ্গে শিশুদের সুরক্ষায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

খেলাঘর মনে করে- শিশুর লাশ যখন বাবার কাঁধে ওঠে তখন তা কেবল একটি পরিবারের শোক নয়, সেটি হয়ে ওঠে রাষ্ট্র, সমাজ ও জনগণের দুরবস্থার বাস্তবতা।

বক্তারা বলেন, সব শিশুই রাষ্ট্রের। ফুটপাত বা অট্টালিকা যেখানেই শিশুর জন্ম হোক, সবাইকে সমান গুরুত্ব দিয়ে রাষ্ট্রকে সুরক্ষা দিতে হবে।

দেশের সব শিশুর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিকর খাদ্য এবং বাসস্থান নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানায় খেলাঘর। পাশাপাশি ইরানে হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে ১৯৫২ সালের ২ মে থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের বৃহত্তর শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা, শফিকুর রহমান শহীদ, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সুনীল সরকার, হান্নান চৌধুরী, হাফিজুর রহমান মিন্টু, হাসান তারেক, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, নসরু কামাল খান, সামিনা জাহান প্রমুখ।

এর আগে সকালে খেলাঘরের ইস্কাট কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশ গড়ার শপথ নেয় সংগঠনের শিশু কিশোর থেকে শুরু করে নেতাকর্মীরা। শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা।

ইএইচটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।