মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৪ মে ২০২৬
ছবিতে আহত দোকান কর্মচারী হৃদয়

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং এলাকায় দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে দোকান কর্মচারীকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে হৃদয় (২৩) নামের ওই দোকান কর্মচারী আহত হয়েছেন। 

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিং এভিনিউ-২ এর আয়েশা টেলিকম নামের ওই দোকানের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।

ভুক্তভোগী দোকান কর্মচারী হৃদয় বলেন, সকাল সাড়ে ৮টার দিকে দোকান খুলতে আসি। তখন আমার ব্যাগে নগদ দুই লাখ টাকা আর তিনটি মোবাইল ফোন ছিল। পাশের একটি দোকানে চা খেতে বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে একটি অটোরিকশায় দুজন এসে আমার পাশে বসে কথা বলতে থাকে। একসময় চাপাতি দেখিয়ে আমার ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে ব্যাগ নিয়ে অটোরিকশায় চলে যায়।

পুলিশের একটি সূত্রে জানা যায়, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করেছে পুলিশ। তবে অটোরিকশাচালকের মুখে মাস্ক থাকায় তাকে চেনা সম্ভব হয়নি।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।