পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী কে হবেন?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৪ মে ২০২৬
শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের মতো জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির জয়ের বিষয়টি স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়েই গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন, যেন তৃণমূলের ‘বহিরাগতদের’ দল হওয়ার বয়ানকে খণ্ডন করা যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম উঠেছে।

শুভেন্দু অধিকারী
সবদিক থেকেই এগিয়ে আছেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, মমতার একসময়ের লেফটেন্যান্ট। ২০২১ সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার এই দলত্যাগ সে সময় তৃণমূল চেয়ারপারসন মমতার জন্য একটি বড় ধাক্কা ছিল। সে সময় শুভেন্দু নন্দীগ্রামে মমতাকে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

সমিক ভট্টাচার্য
আরএসএস’র পুরোনো কর্মী এবং অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মধ্যপন্থি মুখ হিসেবে পরিচিত সমিক ভট্টাচার্য রাজ্য বিজেপিতে শুরু থেকেই সক্রিয়। তিনি রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি বিধায়ক, যিনি ২০১৪ সালের উপ-নির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে নির্বাচিত হন। বিজেপি যদি কোনো বাঙালি মুখ্যমন্ত্রীকে বেছে নেয় তবে তিনি হবে এসব বিকল্পের মধ্যে অন্যতম।

স্বপন দাসগুপ্ত
প্রাক্তন সাংবাদিক স্বপন দাসগুপ্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির দৈনন্দিন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন। রাজ্য বিজেপির এই নেতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও বেশ ঘনিষ্ঠ।

দিলীপ ঘোষ
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০১৬ সাল থেকে তিনি দলটিকে প্রতিষ্ঠা ও বিকাশে সহায়তা করেন। সে সময় তিনি দলের তিন নম্বর বিধায়ক ছিলেন। তার নেতৃত্বে ২০১৯ সালে দলটি ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে, যা এখন পর্যন্ত লোকসভা নির্বাচনে দলটির সেরা ফলাফল। ২০২১ এবং তারপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পর দিলীপ ঘোষ দল থেকে দূরে সরে গিয়েছিলেন। তবে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে দেখা করার পর তাকে আবার দলে ফিরিয়ে আনা হয়। তিনি তার খড়গপুর সদর আসন থেকে জয়ী হতে চলেছেন।

সুকান্ত মজুমদার
বিজেপির আরেক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার একজন কেন্দ্রীয় মন্ত্রী। দল যদি তাদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শীর্ষ পদের জন্য কোনো মুখ চায়, তবে তিনিই হতে পারেন তাদের প্রথম পছন্দ।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।