চট্টগ্রাম নগরে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান
চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে প্রায় ৩০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে ফুটপাত ও রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে পাঁচজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আগ্রাবাদের কর্ণফুলী মার্কেট এলাকায় জেলা তথ্য অফিস-সংলগ্ন সড়ক ও ফুটপাতে চসিকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
সিটি করপোরেশন সূত্র জানায়, রাস্তা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চলাচলের পথ স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন
পালানোর চেষ্টায় র্যাবের সন্দেহ, তল্লাশিতেই বেরিয়ে এলো ইয়াবা
অভিযানে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/একিউএফ