মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৮ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।

আহত রফিকুল মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী বলে জানা গেছে। তিনি বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া গ্রামের আব্দুল রশিদের ছেলে। বর্তমানে তিনি মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন।

রফিকুলের বোন রাশেদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে মহাখালীর পুরাতন কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় দুটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রফিকুলের বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মহাখালী এলাকায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।