ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি , ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১০ মে ২০২৬
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৫), স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নী (১০), কথা (৭) এবং ছেলে মুন্না (১২)।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন আটতলা বিশিষ্ট ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধ রুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় জাতীয় বার্নে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

জানা গেছে, কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বলুকদিয়ায়। ফতুল্লার গিরিধারা সাদ্দাম মার্কেটের পাশে নয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।

কাজী আল-আমিন/মোবাশ্বির শ্রাবণ/এএমএ/এনএইচআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।