রাজধানীর সড়কে কাজ করতে করতেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু পরিচ্ছন্নকর্মীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১১ মে ২০২৬
মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি

রাজধানীর সড়কে কাজের মধ্যে অসুস্থ হয়ে এক পরিচ্ছন্নকর্মী মারা গেছেন। মৃত মো. মুমিনুর রহমান (৪৫) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মরত ছিলেন।

সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুমিনুরকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুমিনুরের গ্রামের বাড়ি রংপুরে। তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকতেন।

সহকর্মী মুজিবুর রহমান বলেন, ‘মুমিনুর ৫৬ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গীরচর এলাকার পরিচ্ছন্নকর্মী। দুপুর ১টার দিকে এলাকায় কাজ করতে আসেন। কাজ করতে করতে বিকেল ৩টা দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ৫টায় মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।