রাজধানীর লালবাগে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ রাফি (২৬) নামে এক যুবক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সজীব জানান, রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন। রাতের দিকে ওই এলাকার মো. ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টু রাফির কাছে শাহিন নামে এক ব্যক্তির খোঁজ চায়। রাফি শাহিনের খোঁজ দিতে না পারায় তারা তাকে মারধর করে এবং চলে যাওয়ার সময় তার ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, রাফি লালবাগ শহীদনগর এলাকার ২০/১ নম্বর বাসার তাজ উদ্দিনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লালবাগ এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। তার ডান পাঁজরে গুলি লেগেছে এবং চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএএ/