বন্দর ও সামুদ্রিক খাতে সহযোগিতার আশ্বাস নেদারল্যান্ডসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১২ মে ২০২৬
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল/ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বন্দর ও সামুদ্রিক খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এ আশ্বাস দেয়।

মঙ্গলবার (১২ মে) এ পরিদর্শনের সময় প্রতিনিধিদলটি বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর, সামুদ্রিক খাত, টেকসই পরিবহন ব্যবস্থা, লজিস্টিকস উন্নয়ন ও সম্ভাব্য দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আলোচনায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের উন্নয়ন, বন্দর ডিজিটালাইজেশন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ইন্টিগ্রেটেড সার্ভিস, জাহাজ নির্মাণ, সামুদ্রিক ইকো-সিস্টেম উন্নয়ন, গ্রিন পোর্ট বাস্তবায়ন, ভবিষ্যৎ বন্দর উন্নয়ন পরিকল্পনা, হিন্টারল্যান্ড কানেক্টিভিটি সম্প্রসারণ ও কার্বন নিঃসরণ প্রশমনসহ নানা বিষয় গুরুত্ব পায়।

এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) প্রতিনিধিদলকে বন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম, সম্প্রসারণ পরিকল্পনা, আধুনিকায়ন উদ্যোগ ও আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের মেরিটাইম শিক্ষা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং মেরিটাইম ও জাহাজ মেরামত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা কামনা করেন।

নেদারল্যান্ডস প্রতিনিধিদল বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতে প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময়, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়।

সাক্ষাৎ শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দরের সার্বিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। পরবর্তীতে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন এবং বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হয়। তারা বন্দরের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে।

পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, চিফ হাইড্রোগ্রাফারসহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন নেদারল্যান্ডসের টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নেস্ত্রা বিভি’র পার্টনার ও বিশেষজ্ঞ হ্যারি ডি লেয়ার এবং রিচার্ড ফান লিয়ার।

এমডিআইএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।