চীন থেকে আমদানি করা ক্রোকারিজ পণ্য আত্মসাতের মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৭ মে ২০২৬
ডিবির অভিযানে গ্রেফতার ব্যক্তিরা/ছবি: সংগৃহীত

চীন থেকে আমদানি করা ক্রোকারিজ পণ্য আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম নগরীর বন্দর থানায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আশিক রায়হান (৩৮) ও মাইন উদ্দিন ওরফে মহিউদ্দিন (২৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আত্মসাতের চার কার্টন পণ্য ও একটি মোটরসাইকেল।

রোববার (১৭ মে) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৬ মে) পৃথক অভিযানে সাতকানিয়া ও পটিয়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মামলার বাদী মোহাম্মদ জামাল হোসেনের মালিকানাধীন মেসার্স সিয়াম ট্রেডার্স চীন থেকে ১ হাজার ২০০ কার্টন ক্রোকারিজ পণ্য আমদানি করে। পণ্য খালাস ও পরিবহনের দায়িত্ব দেওয়া হয় এসএইচ এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানকে।

গত ৫ মে বন্দরের ৫ নম্বর ইয়ার্ড থেকে তিনটি কাভার্ডভ্যানে করে মোট ১ হাজার ২৪৭ কার্টন পণ্য ফ্যাক্টরিতে নেওয়া হয়। পরে যাচাইয়ের সময় দেখা যায়, একটি গাড়ির চালানে থাকা ৩৭০ কার্টনের মধ্যে ৯৪ কার্টন অনুপস্থিত, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। ঘটনার পর বন্দর থানায় মামলা করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে প্রথমে মো. আশিক রায়হানকে গ্রেফতার করে ডিবির একটি দল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার বদরপতি রোডের একটি ভাড়া গোডাউন থেকে চার কার্টন ক্রোকারিজ পণ্য উদ্ধার করা হয়।

পরে অপর অভিযানে পটিয়ার পূর্ব বাক্কাইন এলাকা থেকে মাইন উদ্দিন ওরফে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।