উপজেলা পরিষদের সড়কে নির্মাণ শেষ না হতেই হেলে পড়েছে গাইডওয়াল
নির্মাণ কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে বগুড়ার ধুনট উপজেলা পরিষদের পুকুর পাড়ে নির্মাণাধীন ওয়াক ওয়ের গাইড ওয়ালের একাংশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে ওই পুকুর পাড়ের দক্ষিণ পাশের প্রায় ১০ ফুট অংশ পুকুরের পানির দিকে হেলে পড়ে। গাইড ওয়াল ঢালাইয়ের পর মজবুত না হতেই বালু ভরাটের কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় ১৯০ ফুট দৈর্ঘ্যের ওই গাইড ওয়ালটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের পুকুরকে ঘিরে গড়ে উঠেছে শিশু পার্ক। কয়েক মাস ধরে শিশু পার্কটির উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়ন কাজের অংশ হিসেবে পুকুর পাড়ের চারপাশে ওয়াক ওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা পরিষদ। তাই উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। ওই পুকুরের দক্ষিণ পাশে ওয়াকওয়ে নির্মাণের জন্য গাইড ওয়াল প্রয়োজন। এ কারণে ১৯০ ফুট গাইডওয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে। পুরো কাজ শেষ হতে না হতেই ওই গাইড দেয়ালটি উত্তর দিকে হেলে পড়েছে।
নিম্নমানের উপকরণ ব্যবহার ও শর্ত না মানার অভিযোগ করে পরিচয় গোপন রাখার শর্তে ওই এলাকার এক বাসিন্দা বলেন, পুকুরের এই গাইড ওয়ালের কাজটি ঠিকঠাক মতো হয়নি। নিম্নমানের কাজের কারণে যেকোনো সময় পুরো গাইড ওয়ালটিই ভেঙে পানির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, গাইড ওয়ালটি নির্মাণের অন্তত ২৮ দিন পর রাস্তায় বালু ভরাটের কথা ছিল। কিন্ত গাইড ওয়ালটি নির্মাণের এক সপ্তাহ না পেরতেই বালু ভরাটের কারণে হেলে পড়েছে। গাইড ওয়ালটি মজবুত না হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। এ সমস্যার সমাধান করা হবে।
এমএন/এমএস