অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৯ মে ২০২৬
চট্টগ্রাম দোকানে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা খাবার, ছবি: সংগৃহীত

 

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের চার প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) নগরের আগ্রাবাদ ও মোহরা এলাকায় এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

অভিযান চলাকালে আগ্রাবাদ এলাকার লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় কাচ্চি ডাইন নামের আরেকটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মোহরা এলাকার মোহরা হোটেলে বাসি বার্গার ও মোগলাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া একই এলাকার সিজল নামের একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীর স্টিকার পরিবর্তন করে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও পরিবেশনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।