চলন্ত অটোরিকশার চাকা বিস্ফোরণ, চালক নিহত
ঝালকাঠি সদরে চলন্ত একটি অটোরিকশার চাকা বিস্ফোরিত হয়ে সড়কে উল্টে গেছে। এতে মনতোষ গাইন (৪৭) নামের অটোরিকশার চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনতোষ গাইন সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের বাসিন্দা। তিনি মনোরঞ্জন গাইনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মনতোষ গাইন অটোরিকশা চালিয়ে বিনয়কাঠি এলাকা থেকে আসছিলেন। পথে স্বল্পসেনা জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ অটোরিকশার একটি চাকা বিস্ফোরিত হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি সড়কে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবগ্রামে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিন হোসেন/এসআর/এমএস