ঢাকায় মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২০ মে ২০২৬
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি অনুষ্ঠানে কথা বলেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

রাজধানীতে মব কালচার, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ঢাকা শহরে কোনোভাবেই মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ এ ধরনের অপচেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় আনা হবে না।

বুধবার (২০ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও চাঁদাবাজি দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে তালিকাভুক্ত ২০৬ জন চাঁদাবাজ, ৮৪৭ জন মাদক কারবারি ও ৬৭০ জন ছিনতাইকারী-সন্ত্রাসীসহ মোট ২ হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ
রাজধানীতে ১২৭টি কিশোর গ্যাংয়ের তালিকা থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্যাং লিডারদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে এ সমস্যা মোকাবিলায় সামাজিক প্রতিরোধও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কথাও জানান তিনি।

থানায় দালাল থাকবে না
থানায় দালালচক্র ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, থানাকে জনবান্ধব ও সেবাবান্ধব করা হবে। কোনো থানায় দালালের উপস্থিতি বা ভুক্তভোগীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণ থানায় গেলে ভালো ব্যবহার পাবে, সর্বোচ্চ সহযোগিতা পাবে- এটাই আমাদের লক্ষ্য।
ট্রাফিকে এআই নজরদারি ঢাকার যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি জানান, গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু হয়েছে।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকার বড় চ্যালেঞ্জ। আমরা এটিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছি।

ঈদ নিরাপত্তায় বিশেষব্যবস্থা
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট, ঈদ জামাত, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি কমিশনার।

তিনি নগদ লেনদেন কমিয়ে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের আহ্বান জানিয়ে বড় অঙ্কের অর্থ পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

পুলিশের খারাপ আচরণ বরদাশত নয়
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার বরদাশত করা হবে না। আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কারও গায়ে হাত তোলার সুযোগ নেই।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।