সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পৌঁষের এই শিশির ভেজা সকলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহা উদ্দিন নাসিম ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, স্বোচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ নেতা ও কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেস ড. আ ব ম ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা প্রফেসর ড. আখতারুজ্জমান, ইতিহাসবিদ প্রফেসর গোলাম রব্বানী, বঙ্গবন্ধু পরিষদের নেতা মাহবুব উদ্দিন বীর বিক্রম প্রমুখ।
এর আগে সেগুন বাগিচাস্থ বীরত্তোম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সংগঠনের সহ সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বঙ্গমাতা পরিষদ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান, শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হক হায়দার চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পাবনা, লক্ষীপুর, বরগুনা, খাগড়াছড়ি, দিনাজপুর, নাটোর, জামালপুর, বংপুর, পঞ্চগড়, সহদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আরএস