শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে সরকার, সংসদে মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান/ ফাইল ছবি

স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার ও সব শহীদের একটি নির্ভুল ও গ্রহণযোগ তালিকা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান সম্ভব হবে।
 
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পিরোজপুর-৩ আসনের রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় হাজার ৪৮০ জন। শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে গেজেটে বেসামরিক শহীদ তিন হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর এক হাজার ৫৪১ জন, বিজিবির ৮১৭ জন, শহীদ পুলিশ ৪২৩ জন ও আনসার বাহিনীর একজন রয়েছেন।  
 
বিএনপি দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৯) আবুল কালামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট/ লাল মুক্তিবার্তা/ ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। এর মধ্যে চব্বিশের আগস্ট থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে ৪৮১ জনের।

আরও পড়ুন
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী 
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা 
 
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৪) রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ বলেন, কৃষকদের মধ্যে সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন সার সরবরাহ অব্যাহত রাখতে দেশে ১১ হাজার ৫ জন সার ডিলার নিয়োজিত রয়েছেন।

গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান সার ডিলারের মধ্যে বিসিআইসির নিয়োগকৃত ৫ হাজার ৬৬৯ জন ও বিএডিসির ৫ হাজার ৩৩৬ জন। সরকার তথ্য সংগ্রহ করে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত দুই হাজার ৩১১ জনের তালিকা তৈরি করেছে। অভিযুক্তদের তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। অনিয়মের মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে ডিলারশিপ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন ডিলার নিয়োগ করা হবে।
 
জামায়াতে ইসলামীর (গাজীপুর-৪) সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ইট ভাটার ব্যবহারের জন্য ফসলি জমির উপরিভাগের মাটি কাটার ফলে ১৫ হাজার ৪৫০ একর জমি আবাদ অযোগ্য হয়ে পড়েছে।

জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ২০৪০ সালের মধ্যে ৫৫ দশমিক ৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং দুই কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।

এমওএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।