দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ দুর্নীতির মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইমরুল কায়েম শুনানি শেষে এ আদেশ দেন।
বৃহস্পতিবার দুদকের পক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মীর আব্দুস সালাম আদালতে ওই প্রতিবেদন গ্রহণের জন্য আবেদন করেন। এর আগে সম্প্রতি ওই প্রতিবেদন দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ ঢাকা সিএমএম আদালতে দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি সিএমএম আদালত থেকে প্রতিবেদনটি গ্রহণ বিষয়ে শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নভোথিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে ৩টি মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। তৎকালীন ব্যুরোর পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম একটি এবং অ্যান্টি করাপশন অফিসার (এসিও) খান মো. মিজানুল ইসলাম অপর দুটি মামলা করেন। মামলাগুলোয় যথাক্রমে ৭ জন, ৮ জন এবং ১২ জনকে আসামি করা হয়।
মামলার আসামিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং শিক্ষামন্ত্রী এ এইচ এস কে সাদেক মারা গেছেন। অন্যদের মধ্যে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর উচ্চ আদালত থেকে এর আগে অব্যাহতি নিয়েছেন।
এএইচ/আরআই