তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি : রাষ্ট্রপতি


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি, তাদের অমিত সম্ভবনা বিকশিত করতে না পারলে জাতি সফলতা লাভ করতে পারবে না।  বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেছেন।

বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৩৪ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের অধীনে ৮ হাজার ৬শ` জনকে স্নাতক ও স্নাতকোত্তর,২১৪ জনকে পিএইচডি এবং ৫৪ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এছাড়া সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২৩টি স্বর্ণপদক প্রদান করা হয়।

এর আগে দুপুর পৌনে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য ও একাডেমিক পরিষদের সদস্যরা।

এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের এমফিল ও  পিএইচডি এবং স্ব স্ব অনুষদের ডিনবৃন্দ গ্র্যাজুয়েটদের ডিগ্রী প্রদানের জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা প্রাক্তন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সনদ প্রাপ্তদের উদ্দেশ্য বলেন, জ্ঞানদীপ্ত ও প্রযুক্তিদক্ষ মানব সম্পদ সৃষ্টির প্রেরণাই এ শতকের শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। আমাদের শিক্ষা পরিকল্পনার মূল লক্ষ্যই হবে এ যুগের শিক্ষা উপযোগী করে জাতিকে তৈরী করে অগ্রগতি সাধন করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের মনে রাখতে হবে আমরা দেশ ও জনগণের কাছে দায়বদ্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় জনগণের অর্থে। আমাদের সম্পদ সীমাবদ্ধ। তাই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সবশেষে বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ ও কণা।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।