এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ


প্রকাশিত: ০২:১৮ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত সোমবার এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পরিবর্তন করা হয়। সোমবারের পরীক্ষা নেয়া হচ্ছে শুক্রবার। একই কারণে বুধবারের পরীক্ষা নেয়া হবে শনিবার। ফলে শুক্রবারই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা হবে। দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।

পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। বিদেশে আটটি কেন্দ্রসহ এবার ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ৯টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। এরপর মন্ত্রী আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করবেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।