ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনে স্কুল
ছুটির দিনে খোলা ছিলো রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ। চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে স্কুলগুলো খোলা রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
হরতালের কারণে শুক্রবার ছুটির দিনে একদিকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। অন্যদিকে ক্ষতি পুষিয়ে নিতে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে চলেছে ক্লাস ও নিয়মিত পরীক্ষা।
রাজধানীর বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছ প্রতিটি ক্লাসেই প্রায় শতভাগ উপস্থিতি। দীর্ঘদিন ক্লাস না হওয়ার কারণে ঘাটতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের ছুটির দিনে ক্লাস করতে কোন আপত্তি নেই।
শিক্ষার্থীরা জানান, পড়াগুলো পুরোপুরিভাবে শেষ হচ্ছে না। কিন্তু প্রত্যেক শুক্রবার এসে পরীক্ষা দিতে হচ্ছে। কম সময়ে আমাদের অনেক বেশি পড়াশুনা করতে হচ্ছে।
অভিভাবকরা জানান, শিক্ষাবর্ষের শুরুতেই হরতাল আর অবরোধের কারণে সন্তানেরা পিছিয়ে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার আহ্বান তাদের।
তারা আরও বলেন, নিয়মিত ক্লাস হলে ছেলেমেয়েদের পড়ার প্রতি আগ্রহ থাকে। সেই আগ্রহটা খুবই কমে যাচ্ছে। পড়ালেখা থেকে তারা অমনোযোগী হয়ে যাচ্ছে। তাদের সবদিক থেকে ক্ষতি হচ্ছে। বছরের প্রথম দিকেই তারা অনেক কিছু হারাবে। ভবিষ্যতের জন্য ছেলেমেয়েদের ওপর বিরূপ প্রভাব পড়বে।
শিক্ষার্থীদের বাৎসরিক সিলেবাস শেষ করতে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেই সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেয়ার বিকল্প নেই বলে জানালেন শিক্ষকরা।
মোহাম্মদপুর প্রিপাইটরী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, আমাদের সিলেবাস শেষ করতে হবে। অবরোধ থাকলেও সিলেবাস শেষ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শুক্রবার আমরা ক্লাস নিবো।
সেন্ট যোশেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরীফিকেসন বলেন, এক বছরের মধ্যেই ছেলেমেয়েদের কোর্স শেষ করতে হবে। এখন ক্লাস করতে না পারলে তারা কোথায় যাবে?
এএইচ/পিআর