পল্লবীতে ৪ মামলার আসামি শুটার বৃন্দা রনি গ্রেফতার
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।
এ কে এম আলমগীর জাহান বলেন, মিরপুর সেকশন-১২ এলাকার শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে চার মামলার আসামি শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজতে থাকা পাঁচ রাউন্ড গুলিসহ ব্রাজিলের তৈরি একটি রিভলবার এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গত ২১ মার্চ রাতে পল্লবী থানার আলীনগরগামী সড়কের রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার শুটার বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয় এবং তাদের নামে মামলা করা হয়।
বৃন্দা রনি পল্লবী এলাকায় শুটার বৃন্দা রনি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন এবং ১টি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি এ কে এম আলমগীর জাহান।
কেআর/ইএ