রাজধানীতে তীব্র যানজট


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

দীর্ঘদিন পর শুক্রবার রাজধানীর রাস্তাগুলো ছিল স্বাভাবিকের তুলনায় বেশি ব্যস্ত। এ অবস্থায় চলছে ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ। এছাড়া গত রোববার থেকে ছিল একটানা হরতাল। তবে শুক্রবার হরতাল না থাকায় নগরবাসী রাস্তায় নেমে আসে। ফলে সারাদিনই নগরীর রাস্তায় ছিল তীব্র যানজট।

এদিন এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানীর রাস্তাগুলো। পরীক্ষা শেষ হওয়ার পরও যানজট কমেনি। দুপুরের পর মিরপুর ১০ নম্বর, মিরপুর রোড, নিউ মার্কেট এলাকা, গুলিস্তান, বাংলামটর, বাড্ডা, গুলশান, প্রগতি স্মরণির সড়কগুলোয় ছিল সব ধরনের যান। ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রধান প্রধান সড়কে রিকশা চললেও ট্রাফিক পুলিশকে তা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ছুটির দিনে নগরবাসী শেরে বাংলা নগরে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা এবং একুশে বইমেলা মুখী হওয়ায় রাস্তায় জনমানুষের উপস্থিতি বেড়েছে, বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা।

সন্ধ্যার পরও যানজটের ছিল না কোনও কমতি। পুরো সপ্তাহ বন্দি থাকা মানুষগুলো একটু আন্দদ-বিনোদন, ঘুরে বেড়ানো বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বেড়িয়ে পড়েন। ফলে যানজট লেগেই ছিল রাজধানীর সকল রাস্তায়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।