প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন দুপুরে


প্রকাশিত: ০৪:৩০ এএম, ০১ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান বাণিজ্য ও বন্দর নগরে প্রথম পাঁচতারকা মানের হোটেল র‌্যাডিসন ব্লু’র আনুষ্ঠানিক উদ্বোধন করতে রোববার দুপুরে চট্টগ্রামে যাচ্ছেন।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রথমে কক্সবাজারের রামু উপজেলায় যাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি।

এর পর প্রধানমন্ত্রী সেনানিবাস থেকে সড়ক পথে প্রায় তিন কিলোমিটার দুরত্বে নবনির্মিত হোটেল র‌্যাডিসন ব্লু উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই প্রায় ৫শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হোটেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

মহানগরীর লালখান বাজার ও কাজীর দেউড়ি এলাকার মাঝামাঝি এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের উল্টোদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ দশমিক ১৮ একর জমির ওপর এই পাঁচতারকা মানের হোটেলটি নির্মাণ করেছে সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। মহানগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে নগরীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে স্টেডিয়াম সংলগ্ন হোটেল র্যাডিসন পর্যন্ত তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার পুলিশ দায়িত্ব পালন করবে।

র‌্যাডিসন ব্লু’র উদ্বোধন উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে হোটেল এবং এর আশেপাশের এলাকা। চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবে প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর ও তরুণ-তরুণী। পতাকা নাড়িয়ে প্রধানমন্ত্রীকে অর্ভ্যথনা জানাবে তারা। দুপুরে হোটেলটি উদ্বোধনের পর সন্ধায় বর্ণিল লেজার শো’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।