একরাম হত্যা মামলায় মিনারের জামিন স্থগিত
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ ওই জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর আগে ২ মার্চ হাইকোর্ট মিনারের জামিন মঞ্জুর করে। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আদালতে রাস্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে মিনারের পক্ষে শুনানি করেন এডভোকেট এম কে রহমান।
উল্লেখ্য, গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।
আরএস/আরআই