৩০ জুনের মধ্যে ট্যানারী শিল্প স্থানান্তরের সুপারিশ
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পরিদর্শন রিপোর্টে আগামী ৩০ জুনের মধ্যে ঢাকার হাজারীবাগ থেকে সকল ট্যানারী শিল্প কারখানা সাভার চামড়া শিল্প এলাকায় স্থানান্তরের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থাপিত সাভার চামড়া শিল্প এলাকা পরিদর্শন প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। পরে প্রতিবেদনটি কমিটিতে গৃহীত হয়।
সভায় সাভার চামড়া শিল্প এলাকায় সকল প্লট বরাদ্দ করার পরও হাজারীবাগে যদি আর কোন ট্যানারী কারখানা থেকে যায়, সেগুলোর জন্যও প্রয়োজনে প্রকল্প সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ট্যানারী কারখানার মালিকদের ক্ষতিপূরণ প্রদানের অর্থ নির্ধারিত হার পরিবর্তন করে অন্যান্য সাধারণ ঠিকাদারী কাজের ন্যায় রানিং বিল হিসেবে পরিশোধ করার সুপারিশ করা হয়।
সম্ভাবনাময় চামড়া শিল্প বিকাশে নীতি সহায়তাসহ সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
একই সাথে কমিটি থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট মহান জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
সভায় কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা এবং আবুল কালাম মোঃ আহ্সানুল হক্ চৌধুরী সভায় অংশগ্রহণ করেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
আরএস