দেশে কিডনি রোগে ঘন্টায় ৫ জনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৮ মার্চ ২০১৫

দেশে প্রায় দুই কোটির বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আর এই রোগে প্রতি ঘণ্টায় ৫ জন মানুষ মৃত্যুবরণ করছে। তবে এই রোগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হলে ৬০ শতাংশ কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সবার জন্য সুস্থ কিডনি প্রয়োজন গণসচেতনতা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ তথ্য জানান। স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) আয়োজিত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এমএ সামাদ।

আলোচনায় অংশ নেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. রফিকুল আলম, ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজেজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক প্রফেসর ডা. রফিকুল আবেদীন, ডেইলি সান সম্পাদক মো. জামিলুর রহমান, এনটিভির স্বাস্থ্য বিষয়ক উপস্থাপক ডা. সাখাওয়াৎ সায়ান্ত, ব্যবসায়ী আবদুর রাজ্জাক প্রমুখ।

ব্যারিস্টার রফিক-উল হক বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা আমাদের দেশের অধিকাংশ মানুষের পক্ষে অসম্ভব। তিনি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ রোগের চিকিৎসার আহ্বান জানান। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ভেজাল রোধে এ দেশে কঠোর আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। ভেজাল খাবারই কিডনি রোগের মূল কারণ, তাই এটা প্রতিরোধে সরকারকে জোরালো পদক্ষেপের পাশাপাশি ভোক্তাদেরও প্রতিবাদী ও সচেতন হতে হবে। ডা. এমএ সামাদ বলেন, কিডনি সচল ও সুস্থ রাখতে তিনি অধিক পানি পান ও ব্যায়াম করার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফাস্ট ফুড ও কোমল পানীয় পরিহার করার আহ্বান জানান । সূত্র : যুগান্তর

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।