৭ জানুয়ারি ফেলানী দিবস পালনের দাবি


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ফেলানী হত্যার ঘটনায় ৭ জানুয়ারিকে ‘ফেলানী দিবস’ পালনের দাবি জানিয়েছে নাগরিক পরিষদ। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। তিনি বলেন, বাবা নুরুল ইসলামের সামনে বিনা কারণে গুলি করে হত্যা করা হয় ফেলানীকে। গুলিতে আহত ফেলানী সীমান্তের কাঁটাতারের সঙ্গে আটকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। নিষ্ঠুর বিএসএফ তাকে একগ্লাস পানিও দেয়নি। পানি না পেয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার নিথর দেহ সীমান্তের কাঁটাতারে ঝুলতে থাকে।

এরপর বিএসএফ তাদের আদালতে বিচারের নামে প্রহসন করে খুনি অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে। বাংলাদেশ বিচার পায়নি। আপিল হয় ভারতীয় সুপ্রীম কোর্টে। এখনও বিচার সম্পন্ন হয়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি, ফেলানীর পরিবারকে কমপক্ষে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ, সীমান্ত হত্যা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বন্ধ, কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তের নাম ফেলানী সীমান্ত, ঢাকার গুলশান-১ থেকে তেজগাঁও রাস্তার নামকরণ ফেলানী সরণি, বাংলাদেশসহ সারাবিশ্বে ৭ জানুয়ারি সীমান্ত হত্যা বিরোধী ফেলানী দিবস পালনের দাবি জানানো হয়।

এইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।