একটি জোট বাধা দিচ্ছে : শেখ হাসিনা


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৯ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে কিছু সমস্যা হচ্ছে। একটি জোট বাধা দিচ্ছে। ছেলে-মেয়েরা ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না। তবে সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের জনগণ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের জনগণ যে কোনো বাধা ভেঙে এগিয়ে যেতে পারবে। যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে এগিয়ে যাওয়ার ক্ষমতা এদেশের জনগণের রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। গবেষণার জন্য আমরা যে টাকা দিচ্ছি- সেটা আমরা মনে করি বিনিয়োগ করছি।

তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের সঙ্গে বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে। আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সুষ্ঠু, সাশ্রয়ী ও টেকসই ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এখানেই বিজ্ঞানীদের শক্তিকে কাজে লাগাতে হবে, যাতে কম সম্পদ ব্যবহার করে বেশি সেবা পাওয়া যায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।