লী কুয়ান ইউ’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৩ মার্চ ২০১৫

সিঙ্গাপুরের জনক ও আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লী কুয়ান ইউ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি তান কেং ইয়াম-এর কাছে পাঠানো এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হেসিয়েন লং-এর কাছে প্রেরিত এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শোক প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক বার্তায় বলেন, ‘সিঙ্গাপুরের জনক ও আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লী কুয়ান ইউ-এর মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমি আপনাকে ও সিঙ্গাপুরের জনগণকে আমার গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রাষ্ট্রপতি আরো বলেন, লী কুয়ানের কর্মকাণ্ড শুধু সিঙ্গাপুরের জনগণের জন্যই নয়, সমগ্র মানবজাতির জন্যও একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তিনি একজন বীর, একজন নেতা এবং সবার ওপর একজন গর্বিত নাগরিক হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি তার দেশের জন্য একটি ইতিবাচক পার্থক্য নির্ণয় করেছেন এবং অর্থনৈতিক সংকট দূরীকরণ ও উন্নয়ন প্রত্যাশী জনগণের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, লী কুয়ান তার নেতৃত্ব ও কর্মকাণ্ডের জন্য কেবল সিঙ্গাপুরের নাগরিকদের কাছে নয়, সারাবিশ্বেও স্মরণীয় হয়ে থাকবেন। লী সিঙ্গাপুরকে এশিয়ান টাইগারে পরিণত করতে উন্নয়নের যে পথ নিদের্শনা দিয়েছেন, তা আমাদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।

নিজ দেশের স্বাতন্ত্র্যের রূপকার ও গোটা বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী লী কুয়ানকে আগামী দিনগুলোতে একজন বীর, একজন নেতা ও সর্বোপরি একজন অসামান্য নাগরিক হিসেবে স্মরণ করা হবে।

বাংলাদেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াতের পরিবারের সদস্যবর্গ ও সিঙ্গাপুরের জনগণের প্রতি সমবেদনা এবং অপূরণীয় এ ক্ষতি বহনের শক্তি ও সহিষ্ণুতা প্রদানের প্রার্থনা জানান।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।