দেশসেরা ১২ শিক্ষার্থীর ৯ জনই রাজধানীর বাইরের
দেশসেরা ১২ সৃজনশীল মেধাবী নির্বাচন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেরা শিক্ষার্থীদের ৯ জনই ঢাকার বাইরের। `সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৫`-এর মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম ও উচ্চ মাধ্যমিক, এই তিন বিভাগে চারটি বিষয়ে পরীক্ষায় নির্বাচিত হয়েছে এই ১২ জন। প্রতিযোগিতার বিষয় চারটি হলো, ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান বা বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ।
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে গত শনিবার জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি ছিলেন। সোমবার সেরা মেধাবীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নির্বাচিত ১২ সেরা মেধাবীকে সনদসহ এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। তবে অনুষ্ঠানের দিন এখনও ঠিক হয়নি।
`ভাষা ও সাহিত্য` বিষয়ে ষষ্ঠ-অষ্টম শ্রেণী গ্রুপে বিজয়ী হয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের ইবনুল মুহতাদি শাহ। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শাকিল রেজা ইফতি। একাদশ-দ্বাদশ গ্রুপে বিজয়ী হয়েছে রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আনিকা বুশরা।
`দৈনদিন বিজ্ঞান বা বিজ্ঞান` বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে বিজয়ী হয়েছে সিলেটের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইসতিয়াক মাহমুদ সিয়াম। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে খুলনা জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাদমান নাসিফ ও সিলেট বিভাগের সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জয়ন্ত পাল।
`গণিত ও কম্পিউটার` বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে বিজয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রুবাইয়াত জালাল। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে ঢাকার সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তানযীম আজওয়াদ জামান। একাদশ-দ্বাদশ গ্রুপে বিজয়ী হয়েছে খুলনা বিভাগের যশোরের নওয়াপাড়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শাকিল আহমেদ।
`বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ` বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে বিজয়ী হয়েছে সিলেটের হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ খাতুনে জান্নাত শামীমা। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ইশমাম তাসনিম। একাদশ-দ্বাদশ গ্রুপে বিজয়ী হয়েছে ঢাকার হলিক্রস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাইদা করিম।
এআরএস/আরআইপি