২৬ মার্চ রাজধানীতে যান চলাচলে ডিএমপি`র নির্দেশনা


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৪ মার্চ ২০১৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ শে মার্চ বৃহস্পতিবার রাজধানীতে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২৬ শে মার্চ বঙ্গভবনে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক ও আধা-সামরিক, দেশী-বিদেশী কূটনৈতিকবৃন্দ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে বঙ্গভবনে আগত অতিথিবৃন্দের বহনকারী যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য ১২টা হতে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত দিক নির্দেশনাবলী অনুসরণের জন্য অনুরোধ করা হলো:

জিরো পয়েন্ট হতে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে।

আহাদ বক্স হতে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোর্ডের উত্তর মাথা হতে ইত্তেফাক অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্থানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করা হলো। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী ও ২৪তলা হতে রাজউক অভিমুখী বানিজ্যিক গাড়ি চলাচল করবে না।

ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এজন্য আন্তরিকভাবে দুঃখিত। বিবৃতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনাও করা হয়।

জেইউ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।