স্পেনের সহযোগিতা চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৯ মার্চ ২০১৫

নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনে স্পেনের সহযোগিতা চেয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার মন্ত্রণালয়ে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাতে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বিদ্যুৎ ছাড়াও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মকর্তাদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে স্পেনের সহযোগিতা কামনা করেন।

স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইবানেচ জাতীয় গ্রীড ও জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেন তিনি।

ইবানেচ বলেন, স্পেনের বিভিন্ন কোম্পানি বাংলাদেশ সফরে আসলে সহযোগিতার আরো নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। এ লক্ষ্যে স্পেনের ব্যবসায়ীদের বাংলাদেশে আসার ব্যবস্থা করার জন্য তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। এছাড়া প্রতিমন্ত্রীকে স্পেন সফরের আমন্ত্রণ জানান তিনি।

আলোচনা কালে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোঃ আবুবকর সিদ্দিক ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।