ফ্লোরিডায় হত্যাকাণ্ড: বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৬ মে ২০২৬
নাহিদা সুলতানা বৃষ্টি/ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের (ফ্লাইট EK 0220) মাধ্যমে প্রথমে দুবাই নেওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে EK 0582 ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে সমন্বয় করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

এর আগে, ৬ মে (বুধবার) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এরই মধ্যে দেশে পৌঁছেছে।

দূতাবাস জানায়, ২ মে স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তরের সময় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭ নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, লিমনের দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং মরদেহে কোনো কাপড় ছিল না। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও অভিযোগে উল্লেখ রয়েছে।

অন্যদিকে, বৃষ্টির মরদেহও পরে শনাক্ত করা হয়। লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরের একটি জলাশয় থেকে ২৬ এপ্রিল খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়, যা ১ মে স্থানীয় পুলিশ বৃষ্টির বলে নিশ্চিত করে পরিবারকে জানায়।

জেপিআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।