বিএফডিসি’র উন্নয়নে ৫৯ কোটি টাকা ব্যয় করা হচ্ছে


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৯ মার্চ ২০১৫

বাংলা চলচ্চিত্রকে বিশ্বমানে উন্নীত করা এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করার লক্ষ্যে ৫৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ‘বিএফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। রোববার সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলা চলচ্চিত্রের মান উন্নয়ন ও মানসম্পন্ন করতে সরকার চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবছর পূর্ণদৈর্ঘ ও স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান প্রদান করে। পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বোচ্চ ৩৫ লাখ টাকা সরকারি অনুদান এবং স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রকে সর্বোচ্চ ১০ লাখ টাকা সরকারি অনুদান প্রদান করা হয়।

তিনি বলেন, অনুদানের আর্থিক পরিমাণ বৃদ্ধির জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকার সমপরিমাণ বিএফডিসি’র সার্ভিস সেবা এবং স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের জন্য ২ লাখ টাকার সমপরিমাণ বিএফডিসির সার্ভিস সেবা প্রদান করা হচ্ছে।

আসাদুজ্জামান নুর আরো বলেন, চলচ্চিত্রের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসেবে ঘোষণার পাশাপাশি চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যান্য শিল্পের মতো চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সিনেমা হলের জন্য সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে স্থানভেদে ৫ বা ৭ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিদ্যমান সিনেমা হলগুলোর উন্নয়নের লক্ষ্যে চলচ্চিত্র বান্ধব নানাবিধ সিদ্ধান্ত গ্রহণসহ সিনেমা হলের উন্নয়ন ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা সম্বলিত আধুনিক প্রেক্ষাগৃহ তৈরির ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালার আলোকে সিনেমাহল মালিকদের অনুদান প্রদানের লক্ষ্যে অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বিভিন্ন তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র নির্মাণসহ ডিএফপি বেশকিছু উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে। এর মধ্যে রয়েছে- চিরঞ্জীব বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি), স্বাধীনতা আমার স্বাধীনতা, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ভাষণ, সোনালী দিনগুলি (বঙ্গবন্ধুর শাসনের সাড়ে ৩ বছর) (বাংলা ও ইংরেজি), আমাদের বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি), ৭ই মার্চের ভাষণ (বাংলা ও ইংরেজি), ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ‘অসমাপ্ত মাহাকাব্য’ শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণ, বাংলার মাটি বাংলার জল (বিদেশি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের ওপর), ৭১-এর নারী (পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র) (মুক্তিযুদ্ধ ভিত্তিক)।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।