দুদকের নতুন ওয়েবসাইট উদ্বোধন
নতুন ওয়েব সাইট (www.acc.org.bd) উদ্বোধন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. বদিউজ্জামান বলেন, ‘দুদকের ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে নতুন যুগে পদার্পন করল। একটি ক্লিকের মাধ্যমে শুধু সারা দেশের মানুষই নয়, বিশ্বের যে কোন প্রান্তের মানুষ এখন দুদক কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আশা করি যে মহৎ উদ্দেশ্য নিয়ে নতুন সাইটটি চালু করা হল, সাধারণ জনগণের উপকৃত হওয়ার মাধ্যমে সেই উদ্দেশ্য সফল হবে। এর মধ্যমে দুদককে আরও সুন্দরভাবে সকলের কাছে আমরা উপস্থাপন করতে পারব।’
দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও উপ-পরিচালক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, মহাপরিচালক ড. মো. সামসুল আরিফিন, বিগ্রেডিয়ার জে. (অব.) এম এইচ সালাউদ্দিন, মো. শহিদুজ্জামান, মো. জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক ইউং কমান্ডার তাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য, জিআইজেড প্রতিনিধি কারিসিমা।
অনুষ্ঠানে দুদকের সিস্টেম এনালিস্ট রাজিব হাসান দুদক ওয়েব সাইটের বিভিন্ন দিক তুলে ধরেন। দাতা সংস্থা জিআইজিডের সহযোগিতায় এ ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। বিস্তারিত জানতে যেতে হবে এই ঠিকানায় www.acc.org.bd।
এআরএস/আরআই