যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তর করতে হবে : চিফ হুইপ


প্রকাশিত: ১০:৩০ এএম, ৩১ মার্চ ২০১৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিধারা আরো জোরদার করতে হলে দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তর করতে হবে। দেশের বিশাল কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত ‘চ্যালেঞ্জস এন্ড অপারটুনিটিজ অব দ্যা ডেমোগ্রাফিক ট্রান্সজিশন ইন বাংলাদেশ : প্যাইওরিটিজিং ইনভেস্টমেন্টস ইন ইয়ুথ’ শীর্ষক গোল টেবিল বৈঠকের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক ধারাকে সচল রাখতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করতে হবে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা সম্ভব।

চিফ হুইপ বলেন, বাংলাদেশ তথ্য-প্রযুক্তি খাতে অনেক দূর এগিয়ে গেছে। এদেশের যুব সমাজ তথ্য-প্রযুক্তি খাতে অত্যন্ত দক্ষ। তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। পৃথিবীর অনেক দেশ এই খাতকে কাজে লাগিয়ে এবং দেশের শ্রমশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেছে। বাংলাদেশের সামনেও আজ এই সুযোগ বিদ্যমান।

তিনি আরো বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশের এ অর্জনকে দেশে-বিদেশে সকলের কাছে তুলে ধরে দেশের ভাবমূর্তি উন্নয়নে তিনি সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সংসদ-সদস্য সানজিদা খানমের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে হুইপ মাহবুব আরা গিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।