গৃহহীনদের পুনর্বাসনে আরো আন্তরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর


প্রকাশিত: ১২:০৫ পিএম, ৩১ মার্চ ২০১৫

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দেশের ভূমি ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ও তাদের পুনর্বাসন করার বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দারিদ্র্যবিমোচনে নারীর অধিকার নিশ্চিত করা এবং পুনর্বাসিত পরিবারের সামাজিক নিরাপত্তা বিধানসহ তাদের শিক্ষা ও আর্থ সামাজিক অবস্থা উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে।

মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পওয়ারী বাস্তবায়ন অগ্রগতি মার্চ ২০১৫ সভায় সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের উদ্দেশে এসব কথা বলেন।

সভায় জানানো হয়, ২৫১টি গুচ্ছগ্রামে ১০ হাজার ৬২০টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। জুন ২০১৫ এর মধ্যে ৩০টি পরিবারকে পুনর্বাসনের জন্য ১টি গুচ্ছগ্রাম নির্মাণ, ৪৬টি মাল্টিপারপাস হল নির্মাণ, ১০টি নলকূপ স্থাপন, ৭৬৬০টি উন্নত চুলা, ৩০টি কবুলিয়ত দলিল প্রদান করা হবে। সভায় আরও জানানো হয় সারাদেশে সরকার ২০৭টি মাল্টিপারপাস হল, ১১২০টি টিউবওয়েল ও ১০ হাজার ৬৫০টি পরিবারের মাঝে ভূমি ও গৃহের কবুলিয়ত দলিল প্রদান করা হয়েছে।

ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিএস, এসএ, আরএস খতিয়ানসমূহ ভূমি মালিকদের সহজে সরবরাহ করার লক্ষ্যে এ পর্যন্ত ৮২ লাখ ৮৮ হাজার খতিয়ানের ডেটা এন্ট্রি করা হয়েছে ও তা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ৫৫টি জেলায় ইলেক্ট্রনিক ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে সিস্টেম (ইএলআরএস) বাস্তবায়ন করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের ৬টি বিনিয়োগ প্রকল্প ও ৩টি কারিগরি সহায়তা প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের অনুকূলে আরএডিপিতে ৮৬ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আছে। বরাদ্দকৃত অর্থের বিপরীতে মার্চ ২০১৫ পর্যন্ত মোট ২৯ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাক ব্যয় হয়েছে যা মোট বরাদ্দের ৩৪.৬৩ ভাগ।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়েজ্জদ্দীন আহম্মেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আ. জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্মসচিব পুণ্যব্রত চৌধুরী, জাতীয় প্রকল্প পরিচালক জিল্লুর রহমান, শামসুল আলম ও সিরাজ উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।