কুমিরের বাচ্চা ফোটানোর মেশিন দিলো এসিআই
বাংলাদেশে বিপন্ন প্রায় মিঠা পানির কুমির রক্ষায় প্রানিসম্পদ অধিদপ্তরকে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন দিয়েছে এসিআই। বাগেরহাটের অতি প্রাচিণ ও বিখ্যাত খান জাহান আলী দীঘির কুমিরের বাচ্চা ফোটানোর জন্য এ মেশিন দেওয়া হয়েছে। মঙ্গলবার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে রেপটাইলস ইনকিউবিটর মেশিনটি খুলনা বিভাগের প্রানিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. নূরুল আমীনের কাছে হস্তান্তর করেন এসিআই এগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক ড. ফা হ আনসারী। এ সময় এসিআই এগ্রিবিজনেসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. ফা হ আনসারী বলেন, এসিআই লি. পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রাণি সংরক্ষণে সবসময় সচেতন। বাংলাদেশের বিপন্ন প্রাণি রক্ষায় এসিআই এনিমেল হেলথ সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশে বিপন্ন প্রায় মিঠা পানির কুমির রক্ষায় দক্ষিণ কোরিয়া থেকে আনা কুমিরের ডিম সফলভাবে ফোটানোর উপযোগি রেপটাইলস ইনকিউবিটর মেশিন খুলনা বিভাগের প্রানিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হচ্ছে। যা মিঠা পানির কুমিরের বংশ বিস্তারের বিশেষ ভুমিকা রাখবে।
সাপ, কচ্ছপসহ দেশের বিভিন্ন বিপন্ন প্রায় প্রাণি রক্ষায় এসিআইয়ের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৭ দিন আগে বাগের হাটের খান জাহান আলী দীঘিতে মিঠা পানির প্রজাতির একটি কুমির ৫০টি ডিম দিয়েছে। এর আগেও অনেকবার ডিম দিলেও সেগুলো থেকে বাচ্চা ফোটেনি। ফলে মেশিনের মাধ্যমে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে এসিআই এনিমেল হেলথ ইনকিউবিটর মেশিনটি হস্তান্তর করে।
এসআই/আরএস/আরআই