আরও সাড়ে ৬ হাজার ট্যাক্সিক্যাবের অনুমোদন দিবে বিআরটিএ


প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৬ এপ্রিল ২০১৫

ঢাকা মহানগরীতে গণপরিবহন হিসেবে ট্যাক্সিক্যাব বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আরও ৬ হাজার ২৪০টি নতুন ট্যাক্সিক্যাবের লাইসেন্স দিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে আগ্রহী কোম্পানিকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে আবেদন করতে বলা হয়েছে।

জানতে চাইলে বিআরটিএর উপ-পরিচালক মাহবুবুর রাব্বী বৃহস্পতিবার জাগো নিউজকে টেলিফোনে বলেন, সবশেষ ২০১৩ সালে আমরা দুই কিস্তিতে ২৫০টি করে মোট ৫০০টি নতুন ট্যাক্সিক্যাবের অনুমোদন দিয়েছে। নতুন করে, আরও ৬ হাজার ২০০টির অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত গণপরিবহন বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিআরটিএর ওই কর্মকর্তা।

শীতাতপ নিয়ন্ত্রিত ও শীতাতপ নিয়ন্ত্রণহীন দু-ধরনের ট্যাক্সিক্যাব অনুমোদন দিবে সরকার। ২০১০ সালের ট্যাক্সিক্যাব সার্ভিস গাইড লাইন অনুযায়ী এর অনুমোদন দেওয়া হবে । যত দ্রুত সম্ভব অনুমোদন চুড়ান্ত করে নতুন ট্যাক্সিক্যাব রাস্তায় নামাতে চায় সরকার।

জানা গেছে, ২০১৩ সালে অনুমোদন পেলেও ট্যাক্সিক্যাবগুলো ২০১৪ সালের এপ্রিলে রাস্তায় নামে। পৃথিবীর সব দেশের মতো ট্যাক্সক্যাব একটি নিরাপদ সার্ভিস। কিন্তু ঢাকায় এটি প্রায় অমাব্যসার চাঁদ হয়ে গেছে। যাও আছে, মিটারে চলে না।

বিআরটিএ সূত্রে জানা গেছে, আগ্রহীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে আগ্রহী কোম্পানির অবশ্যই কর সনাক্তকরণ নম্বর থাকতে হবে।

বিআরটিএ বলছে, পেট্রল অথবা সিএনজি চালিত ট্যাক্সিক্যাবের অনুমোদন দেওয়া হবে।  গাড়িগুলোর ক্যাপাসিটি থাকবে দেড় হাজার সিসি।

জানা গেছে, গাড়ি তৈরির তারিখ থেকে তিন বছরের বেশি পুরনো গাড়ির অনুমোদন দিবে না বিআরটিএ। এবং আমদানির জন্য যে ব্র্যান্ড নির্বাচন করা হবে তাও আগেই ঘোষণা করতে হবে।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।