উৎপাদনে ফিরলো ডিএপি সার কারখানা
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) ফের উৎপাদনে ফিরেছে। শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ মে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। পরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে শনিবার থেকে উৎপাদন শুরু করা হয়েছে।
তিনি জানান, কারখানাটি সচল থাকলে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব। যদিও অ্যামোনিয়ার সংকটের কারণে গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সালে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে।
এমআরএএইচ/এমকেআর