যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে ঢাকা এবং মেহেরপুরের মুজিবনগরে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। ১৯৭১ সালের এদিন তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে ঢাকায় সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শহীদ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং রাজশাহীতে এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মুজিবনগরের কর্মসূচির মধ্যে ছিল ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০টা ১৫ মিনিটে গার্ড-অব-অনার প্রাদান ও সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সকালে মুজিবনগর স্মৃতিসৌধে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানমালা শুরু হয়।
বিএ/পিআর