যুক্তরাজ্যের ভাইস চিফের ঢাকা ত্যাগ
যুক্তরাজ্যের ভাইস চিফ অব ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল স্যার স্টুয়ার্ট পিচ বাংলাদেশে তিনদিনের সফরশেষে সোমবার ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তার সঙ্গে একজন স্টাফ অফিসার সফরসঙ্গী হিসাবে ছিলেন।
এর আগে এয়ার চিফ মার্শাল স্যার স্টুয়ার্ট পিচ রোববার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাকে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে মার্শাল স্যার স্টুয়ার্ট ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে যুক্তরাজ্যের ভাইস চিফ অব ডিফেন্স স্টাফ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে বনানীস্থ নৌ সদর দপ্তরে এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পারিক কুশল বিনিময় ও পেশাগত বিষয়ে মত বিনিময় করেন।
এছাড়াও এয়ার চীফ মার্শাল স্টুয়ার্ট সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
একে/এমএস