আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১০ মে ২০২৬
নিহত গৃহবধূ হালিমা আক্তার মুন্নি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় শ্বশুরবাড়ির নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মিজানুর রহমান, শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা পলাতক।

নিহত হালিমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যাকাণ্ড। পরে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

jagonews24

নিহতের বাবা মো. ইসহাক বলেন, সকালে মেয়ের স্বামী ফোন করে আত্মহত্যার খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তার পা মাটির সঙ্গে লেগে আছে এবং শরীরে আঘাতের চিহ্ন। তার দাবি, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিলেন হালিমা।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত।

আনোয়ারা থানার এসআই মো. বাশার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের বাবার পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।