চাঁদাবাজিতে ব্যাহত কাজী ফার্মসের দুই প্রতিষ্ঠানের কার্যক্রম
ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারণে ব্যাহত হচ্ছে কাজী ফার্মসের গ্রুপের দুই প্রতিষ্ঠানের কার্যক্রম। ছয় সপ্তাহ ধরে এ পরিস্থিতি চলছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে জেলার পীরগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের কাজী হ্যাচারি ও সদর উপজেলায় অবস্থিত সালন্দর ফিড মিল। এসব ঘটনার প্রতিকারে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। তারা মামলা না নিয়ে বরং সন্ত্রাসী ও চাঁদাবাজদের সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছেন।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান। এ সময় কোম্পানিটির পরিচালক কাজী জিসান হাসান ও নির্বাহী পরিচালক কাজী রেজাউল হাসানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সন্ত্রাসীরা চাঁদার দাবিতে একাধিকবার প্রতিষ্ঠান দুটিতে হামলা চালিয়েছে। গাড়ির চালক এবং খামার ও মিল শ্রমিকদের মারধর করেছে। এমনকি তারা কাজী ফার্মসের পেট্রলপাম্পেও তালা লাগিয়ে দিয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সন্ত্রাসীরা ট্রাকপ্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করছে। তাদের বাধার মুখে হ্যাচারিতে খাবার না পৌঁছায় লাখ লাখ মুরগি মারা যাওয়ার উপক্রম হয়েছে।
এ অবস্থায় শিল্পের কার্যক্রম অব্যাহত রাখতে সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন কাজী ফার্মসের মালিকেরা।
বিএ/এমএস