মে মাসেই চূড়ান্ত শ্রমবিধি
শ্রম আইন বাস্তবায়নে এরই মধ্যে শ্রম বিধিমালা-২০১৫ প্রণয়ন করা হয়েছে। এটি চূড়ান্ত করতে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আশা করা যায়, আগামী মে মাসের মধ্যেই শ্রমবিধি চূড়ান্ত হবে। বুধবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমিক নেত্রী শিরিন আখতার ও বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ চৌধুরী।
বৈঠকে শ্রমবিধির ৫৫টি ধারা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অধিকাংশ ধারায় শ্রমিক নেতাদের সঙ্গে একমত পোষণ করে সরকার। শ্রমবিধি নিয়ে এটিই সরকারের প্রথম বৈঠক। এর পর শ্রমবিধির বিভিন্ন ধারা নিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।
শ্রমবিধি বাস্তবায়ন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে। এসব নিয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করব। এর পর আবার শ্রমিক নেতাদের সঙ্গে বসব। চূড়ান্তভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।’ তিনি আরো বলেন, সব প্রক্রিয়া শেষে আশা করছি, মে মাসের মধ্যেই শ্রমবিধি চূড়ান্ত করা হবে। সরকার শ্রমিকদের অধিকারের বিষয়ে অত্যন্ত সতর্ক। কোনোভাবেই যেন শ্রমিক অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর রয়েছে।
মন্ত্রী বলেন, ‘শ্রম আইন পাসের আগে দফায় দফায় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। এটি অত্যন্ত ভালো একটি আইন হয়েছে। দেশে-বিদেশে আইনটি সমাদৃতও হয়েছে। আশা করছি, এমন একটি শ্রমবিধি চূড়ান্তভাবে তৈরি হবে-সেটিও সবার কাছে সমাদৃত হবে।’
এআরএস/পিআর