সিটি নির্বাচন : মাঠে থাকছে না সেনাবাহিনী


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৩ এপ্রিল ২০১৫

আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকছে না। তারা ক্যান্টেনমেন্টেই থাকবে।  প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তা ডাকলে তারা মাঠে যাবেন। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার  মো. শাহ নেওয়াজ জাগো নিউজকে একথা জানান।

তিনি বলেন, বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবার কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী তিন সিটিতে স্ট্রাইকিং ও অতিরিক্ত বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। পরে তা প্রেসব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্তের পর পরই মঙ্গলবার বিকেলে কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠানো হয়। উপসচিব শামসুল আলমের সই করা এই চিঠিতে বলা হয়েছিল, প্রতিটি সিটি কর্পোরেশনে এক ব্যাটালিয়ন সেনা সদস্য মোতায়েন করতে হবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ও অতিরিক্ত (রিজার্ভ) বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। রিটার্নিং কর্মকর্তা ডাকলেই তারা পরিস্থিতি মোকাবিলা করবেন।

বুধবার বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো সংশোধিত চিঠিতে বলা হয়েছে,  সেনাবাহিনী মূলত সেনানিবাসের অভ্যন্তরে রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবে। রিটার্নিং কর্মকর্তার অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা পরিস্থিতি মোকাবিলা করবেন।

এইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।