চেক রিপাবলিকের ব্যবসায়ীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন সফরত চেক প্রজাতন্ত্রের ব্যবসায়ি প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত চেক রিপাবলিকের অ্যাম্বাসেডর মিলসলাভ স্টাসেক -এর নেতৃত্বে চেক রিপাবলিকের ১৫ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বৃহস্পতিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ের সভাকক্ষে বৈঠক করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে চেক রিপাবলিকের ভিটকোভাইস পাওয়ার ইঞ্জিনিয়ারিং, স্কুডা ডোসান, চেক ট্রেড এজেন্সী, ফ্যানস ও ইন্টার গ্লোভ স্টেড প্রাইভেট লি. -প্রতিষ্ঠানগুলো তাদের কার্যাবলী তুলে ধরেন এবং বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা ফসিল ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও মেরামত, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন বায়ুগ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন, গ্রীন এনার্জীর প্রসার, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং এ সংক্রান্ত প্রযুক্তি উন্নয়ন, নির্মাণ, নির্মাণ কৌশল ইত্যাদি বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী গ্যাস উত্তোলন ও অনুসন্ধান, কয়লা খনি, কঠিন শিলা, বিদ্যুৎ উৎপাদন (নবায়নযোগ্যসহ) ইত্যাদি ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগের খাত বের করে সুস্পষ্টভাবে প্রস্তাব দিতে বলেন। তিনি তাদের প্রযুক্তি নিয়ে বাংলাদেশে বা চেক রিপাবলিকে সেমিনার করার আহ্বান জানান, যাতে সংশ্লিষ্টরা প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয় যায়।
এ সময় অন্যান্যদের মাঝে জ্বালানি বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক ও বাংলাদেশ চেক রিপাবলিকের সম্মানিত কনসল এ এস এম মহিউদ্দিন মোনেম উপস্থিত ছিলেন।
এসএ/আরএস/আরআইপি